ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী সোমবার নির্বাচন কমিশনের সভা রয়েছে। এ সভায় আমরা ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দেব।’
ইসি সানাউল্লাহ বলেন, ‘সোমবারে কমিশনের বৈঠকে দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব ইউপি নির্বাচন কয় সøটে হবে, কবে হবে।’ তিনি আরও বলেন, ‘তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা সøটগুলো বলে দেব যে কোন কোন সøটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’
পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে এমন প্রশ্নে সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় সøটে, কবে হবে জানানোর পরপরই হবে। সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেহেতু একটা কমিশন মিটিং (সোমবার) আছে, সেখানে আমরা আলোচনা করব। তারপরই বলি।’