ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। অন্যদিকে, ছুটির দিনেও দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

শুক্রবার (৯ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সে হিসেবে  ২১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বায়ুর এ মান খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পঞ্চম অবস্থানে থাকা ঢাকার বায়ুমান স্কোর ১৭২। বায়ুর এ মান অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।