মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের ওপর একটি নতুন ও সংক্ষিপ্ত সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক অভিযানের বিকল্প খসড়া তৈরি করেছে।
প্রায় তিন দিনব্যাপী এই সম্ভাব্য হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, জ্বালানি অবকাঠামো এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কমান্ড পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিগত কয়েক মাসে ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযানের জন্য ট্রাম্পকে পাঁচটি ভিন্ন ভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল, যার প্রতিটিই তিনি বাতিল করে দেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্পষ্ট করে জানান, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাবে না। তিনি দাবি করেন, যুদ্ধ এড়াতে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে।
ট্রাম্পের এই প্রকাশ্য বিবৃতির পরেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে। অক্টোবরের শেষের মধ্যে অঞ্চলে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করার প্রস্তুতি চলছে।