ইউক্রেনের জন্য স্টারলিংক উন্মুক্ত করার অনুরোধ জেলেনস্কির

রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনে দুই দিনে ৭৮ জন নিহত ও ২১৫ জন আহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর অভিযোগ, ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে ওয়াশিংটনের অনিচ্ছা রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে, অন্যদিকে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে—ওয়াশিংটনের এই দ্বিমুখী অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খবর বিবিসির। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর ক্রামাতোরস্কে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হন। এর আগের দিন রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে কয়েক ডজন মানুষ নিহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে হামলায় নিহত হন ২২ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিলুকি শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানান, গত দুই দিনে রাশিয়ার হামলায় ইউক্রেনজুড়ে ৭৮ জন নিহত এবং ২১৫ জন আহত হয়েছেন

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এবং রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে দেশটিকে স্টারলিংক স্যাটেলাইট সেবার আরও বিস্তৃত ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

প্রিলুকিতে সাংবাদিকদের কাছে দেওয়া এক আবেগপূর্ণ বক্তব্যে তিনি বলেন, 'ইউক্রেনের জন্য স্টারলিংক উন্মুক্ত করুন। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় আপনারা এটি উন্মুক্ত করেছিলেন। আমি প্রকাশ্যেই বলেছি—আমাদের এই সুযোগ দিন, আকাশ প্রতিরক্ষায় সহায়তা করুন, যাতে আমরা সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারি। তাহলে পুতিন আলোচনার টেবিলে বসবেন।'

তিনি আরও বলেন, 'তাহলে সত্য কোথায়, সততাই বা কোথায়? অচলাবস্থা কোথায়? ... এটাকে সাহায্য করতে না চাওয়াই বলা হয়।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার যুদ্ধকে 'অচলাবস্থা' হিসেবে বর্ণনা করেন এবং জানান, সংঘাতের সমাধান খুঁজতে ওয়াশিংটন কাজ চালিয়ে যাবে। রুবিওর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।