শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি ৮৫ বছর বয়সী এই বিচারকের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানায়, দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জবাবদিহির আওতায় আনা এবং সহিংসতা ও সংঘাতের শিকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন পিল্লাই। একই সঙ্গে তিনি নৈতিক দৃঢ়তা ও ন্যায়বিচারের প্রতি অবিচল অবস্থানের পরিচয় দিয়েছেন।

কমিটির বিবৃতিতে বলা হয়, বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ অন্য অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াই থেকে শুরু করে সমসাময়িক সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমে তাঁর ভূমিকার মধ্যে একটি অভিন্ন আদর্শ রয়েছে।

নাভি পিল্লাই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের চেয়ারপারসন ছিলেন। গত বছর প্রকাশিত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল গণহত্যা সংঘটিত করেছে। তবে ইসরায়েল ওই প্রতিবেদনকে ‘কলঙ্কজনক’ বলে প্রত্যাখ্যান করে।

আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও সংঘাতের শিকার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পিল্লাইয়ের দীর্ঘদিনের ভূমিকা এবারের নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেল।

এ সপ্তাহে সাহিত্যে, রসায়নে, পদার্থবিজ্ঞানে ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার পর শান্তিতে পুরস্কারজয়ীর নাম জানানো হলো। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে পিল্লাইয়ের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ দিনেই নোবেল পুরস্কার প্রদান করা হয়। ১৮৯৫ সালের উইলে তিনি এসব পুরস্কার প্রবর্তনের নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।