‘জোর করে টাকা আদায় নয়, মাদকেও ছাড় নেই’: ওসি

সমাজের অন্য সবার মতো তাঁরাও চান সম্মান নিয়ে বাঁচতে, নিজেদের কথা বলতে এবং নিরাপদে চলাফেরা করতে। জীবনযাপনে নানা সুবিধা-অসুবিধার কথা তুলে ধরতে এবার পুলিশের মুখোমুখি হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যরা।

তাঁদের কথা শুনেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের সহযোগিতা চেয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানা এলাকায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় করেন ওসি সাজ্জাদ রোমন।

মতবিনিময়ে তৃতীয় লিঙ্গের সদস্যরা তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে সেজুতি (৩২), প্রিয়াঙ্কা (২৪) ও নুরীসহ (৫০) অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ওসি তাঁদের কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে এবং কারও কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় না করতে নির্দেশনা দেন। পাশাপাশি মাদকের সঙ্গে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

ওসি সাজ্জাদ রোমন তৃতীয় লিঙ্গের সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। জবাবে সেজুতি, প্রিয়াঙ্কা, নুরীসহ উপস্থিত অন্য সদস্যরা মাদক থেকে দুরে থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

পুলিশ ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মধ্যে এমন মতবিনিময় অপরাধ প্রতিরোধ, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।