মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছরের কারাদণ্ড

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার আমতুলী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে দৌলতপুর থানা-পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন ফরহাদ হোসাইন ফরহাদ (২৪), সাইদুর মনির (৩৮) ও সাগর মিয়া (২৩)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আমতুলী বাজার এলাকায় কয়েকজন মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।