মৌলভীবাজারের জুড়ীতে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত যুবককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মুনিমের মা থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন বলে জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর ভাই রাশিদ আলী, তাঁর ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১৫ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করে সিলেটে পাঠান।
আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাক্প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন এবং পরে ফোন দেবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।