কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে রংপুর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রংপুর এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।  

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।