আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছে। দেশকে পিছিয়ে দিতে বা ধ্বংস করতে হলে প্রথমে সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেটিই করেছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা উত্তর না লিখে সাদা কাগজ জমা দিয়েও জিপিএ-৫ পেত। আবার সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটত। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থা নিয়ে এমন তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করেছে। এখন আর না পড়ে কেউ পাস করবে না।

দুলু আরও বলেন, বিএনপি সরকার গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

বক্তব্যে হুইপ দুলু বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল প্রতিবেশী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্ম ও মতের মানুষ মিলেমিশে বসবাস করে। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করেন। এখানে কোনো হিংসা-বিদ্বেষ থাকা উচিত নয়। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার, ঐতিহ্য ও রীতিনীতি পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।