আমরা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, খাসজমি ও উন্মুক্ত জলাশয় যারা দখল করে, তারা প্রভাবশালী। তবে বিএনপি প্রভাবশালীদের সাথে নয়।

খাসজমি-জলাশয় দখলদারদের বিরুদ্ধে বিএনপি, আমরা সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি। 

শুক্রবার (৯অক্টোবর) দুপুরে যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুল কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতার আসার পরেই উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলমুক্ত করেছে। মানুষ যেন একটি স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ খুঁজে পায়।

এসময় যশোরকে নদী ও খালের অবৈধ দখল থেকে মুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের দুঃখ ভবদহের জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, অতীত সরকারের উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এই সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীকে সাথে নিয়ে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে খুব দ্রুতই ভবদহের টেকসই সমাধান খোঁজা হবে। পাশাপাশি ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষা করেই সড়ক উন্নয়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।  

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন বেসড ব্যাটারি ব্যবহার একটি বড় সমাধান। এটি যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে, তেমনি পরিবেশ দূষণ কমাবে। ডেসকোর মাধ্যমে উত্তরখানে যে পাইলট প্রজেক্ট আমরা চালু করেছি, তা পর্যায়ক্রমে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার অজিজুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।