বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ নাজির উদ্দিন জেহাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার (৯ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে রুহুল কবির রিজভী বলেন, শহীদ জেহাদ দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।
তিনি বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ঐ আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পূণঃপ্রতিষ্ঠার। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ নাজির উদ্দিন জেহাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শহীদ জেহাদ গণতন্ত্র পুনরুদ্ধার করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যূত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তাঁর অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।
তিনি বলেন, যে বুকভরা স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ এই দিনে স্বৈরাচারীর তপ্ত বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল ব্রত। আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।