তোমাদের লেখা

প্রতি বছর ৯ অক্টোবর বিশ্বব্যাপী ডাক দিবস পালিত হয়। ডাক দিবস উপলক্ষে আকাশের কাছে চিঠি লিখেছে প্রিয়ব্রত চক্রবর্তী। তোমরাও চিঠি লিখতে পারো তোমার লেখক বা বিষয়ের কাছে, যেমনটি লিখেছে প্রিয়ব্রত। চিঠি পাঠাবে payra@deshrupantor.com  এই ইমেইলে।

প্রিয় আকাশ,

তোমাকে কি সত্যিই কোনো কথা বলা যায়? তুমি এক বিশাল নীরবতা। কত মানুষের কত প্রশ্ন জমে থাকে তোমার কাছে, অথচ তুমি কোনো উত্তর দাও না। শুধু সব কিছু চুপ করে দেখে যাও।

তোমার দিকে তাকালে আমরা নিজের ভেতরটাকে দেখতে পাই। কখনো নির্মল নীল, কখনো মেঘে ঢাকা, কখনো শ্রাবণের বৃষ্টিতে ভেঙে পড়া। আবার একসময় সব মুছে নিজেকে মেলে ধরো। কি বিচিত্ররূপে তুমি অপরূপা, আবার কখনো মেঘে মেঘে ভারী হয়ে শঙ্কার বার্তাও দিয়ে থাকো। তবুও তুমি প্রিয়, খুব প্রিয়।

মানুষও তো এমনই। তাই তো ছোটরা তোমাকে ছোঁয়ার জন্য পাখি হওয়ার স্বপ্ন দেখে। বড়রা দিনের শেষে এক কাপ চা হাতে তোমার দিকে তাকিয়ে একটু শান্তি খোঁজে। কেউ হারানো স্মৃতি মনে করে, কেউ ভবিষ্যতের নকশা এঁকে! আবার কেউ শুধু কিছুক্ষণ নিজের সঙ্গে থাকতে চায়। তুমি কারও প্রশ্নের উত্তর দাও না, তবু অদ্ভুতভাবে মনে হয়, তুমি সব বুঝতে পারো। হয়তো কিছু প্রশ্নের উত্তর শব্দে নয়, শুধু তোমার  দিকে তাকিয়েই পাওয়া যায়। তোমার দিগন্ত বিস্তৃত তারায় তারায় আমরা নিজেদের দেখি তোমাতে নিমগ্ন হয়ে তোমাকে দেখি নিজের নিজের মতো করে।

ভালো থেকো, প্রিয় আকাশ।

তোমার অসীম নীলের নিচে,

প্রিয়ব্রত চক্রবর্তী

অষ্টম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়

শংকর, ধানমন্ডি, ঢাকা