মিরপুরে ৫ লেগুনাস্ট্যান্ড দখল

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়া, গাড়িপ্রতি ৩০০ টাকা করে চাঁদা দাবি এবং মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বৃহত্তর মিরপুর লেগুনা মালিক-শ্রমিক ইউনিয়ন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মো. ইয়াকুব আলী।

তিনি জানান, গত ৫ অক্টোবর অস্ত্রের ভয় দেখিয়ে মিরপুর-১ নম্বর সেকশনের পাঁচটি লেগুনা স্ট্যান্ড নিয়ন্ত্রণে নেয় ঢাকা-১৪ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী এসএ সিদ্দিক সাজুর সমর্থক ও সহযোগী বিপ্লব, সোলেমান দেওয়ান, ফারুক হোসেন, মহাব্বত আলী, মাভেল ভূঁইয়া, তৈয়ব আলী, আলমগীর হোসেন, শামীম ও মজিবর রহমানসহ প্রায় ৬০ থেকে ৭০ জন। তারা মালিকদের কাছে প্রতি লেগুনার জন্য ৩০০ টাকা করে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো ও চাপ সৃষ্টি করে। এ ছাড়া লেগুনার মালিক নজরুল ইসলাম, বাবুল এবং তার ওপর হামলা করেছে বলেও অভিযোগও করেন। হামলার বিষয়ে অভিযোগ জানাতে দারুস সালাম থানায় গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে স্ট্যান্ড দখল, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, চাঁদা দাবি ও অস্ত্র প্রদর্শনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।