সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মোবাইল ফোন ভালো-খারাপ দুভাবেই ব্যবহার হচ্ছে। এ বিষয়ে সচেতন না হলে ক্ষতিগ্রস্ত হতে হবে। গতকাল শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী গতকাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সমাবেশে কৃষি সহায়তায় ১ হাজার ৮০ জন চাষির মধ্যে বিনামূল্যে সবজি বীজ, সার ও নেট এবং প্রতিবন্ধী/দুস্থ শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, অসচ্ছল, প্রতিবন্ধী ও গৃহহীনদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া রোগীদের মধ্যে এককালীন চেক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।