১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় একটি গুদাম থেকে ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো মো. সাইফুর রহমান (৩৭), মো. সংগ্রাম হোসেন (৩০) ও মো. বাবু (৩৭)।

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ ওয়াইজঘাট এলাকার সামাদ প্লাজায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলার এজাহারে বলা হয়, সামাদ প্লাজার নিচে অবস্থিত একটি গুদামে অবৈধভাবে ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতীয় কাপড় সংগ্রহ, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা কাপড়ের উৎস এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণে ভারতীয় কাপড় জব্দ করি। একই সঙ্গে হাতেনাতে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।