প্রশ্নফাঁসকাণ্ড: এবার যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন তারিখ প্রাথমিকভাবে আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।

এ ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। 

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ১১তম গ্রেডের এই পদের নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এ বিষয়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিন লাখের বেশি প্রার্থী প্রস্তুতি নিয়েছিলেন।

এদিকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চাকরিপ্রত্যাশীরা রাজধানীর সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাড়াও মানিক মিয়া এভিনিউর আড়ং মোড় এবং নীলক্ষেত মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। প্রশ্নফাঁসের আলোচনার মধ্যে পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভপ্রশ্নফাঁসের আলোচনার মধ্যে পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভ ২৪২টি শূন্য পদের বিপরীতে সারাদেশে ৩ লাখেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং বিভিন্ন স্থানে ছবি ছড়িয়ে পড়ে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করায় দেশের দূরদূরান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন।