প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না: আসিফ মাহমুদ

পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে চাকরিপ্রার্থীদের মাঝে। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন পরীক্ষার্থীরা। ফলে মিরপুর রোড ও আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত এই নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের ব্যবধানে তা স্থগিতের ঘোষণা এলে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রার্থীরা। এর প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক এবং সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।