জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। মুসলমান বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু আমরা সবাই বাংলাদেশী। আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি। বাংলাদেশ হচ্ছে আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দূর্গাৎসব ২০২৬ উপলক্ষ্যে নাটোর পৌরসভার ৫০ টি মন্দিরে নগদ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুন।
এ বছর পৌরসভার ৫০টি মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। জেলায় এবার মোট ৪০৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
নাটোর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা বলেন, পূজার আনন্দ সকলের। এবার নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বিরা তাদের আনন্দ ভাগ করে নিতে পারবে। এই আনন্দ যেন বিষাদ না হয় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বিসর্জনের দিন সকলকেই সজাগ থাকার আহ্বান জানান তিনি।