সাজেকে কাল থেকে অনির্দিষ্টকালের পর্যটন সড়ক অবরোধের ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আগামীকাল রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেক থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুন চাকমা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকের উল্টোরাজারে আয়োজিত এক সমাবেশ থেকে দুই সংগঠনের পক্ষ থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সরিয়ে নেওয়া না হওয়ায় রবিবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধ পালন করা হবে।

অবরোধ চলাকালে পর্যটন সড়কে কোনো ধরনের যানবাহন না চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি। পাশাপাশি পর্যটক ও সাধারণ জনগণকেও এ সড়ক ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা দাবি করেন, জেএসএসের সশস্ত্র গ্রুপ যত দিন সাজেকে অবস্থান করবে, তত দিন এলাকায় অশান্তি বিরাজ করবে এবং কারও জীবনের নিরাপত্তা থাকবে না।

তাদের অভিযোগ, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা পর্যটনকেন্দ্রের পাশের দাড়িপাড়া এলাকা থেকে গাড়িযোগে এসে মাচাং আর্মি ক্যাম্পের পাশে নামেন। পরে তারা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এরপর থেকে বিভিন্ন এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য ও গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করার ঘটনা ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাদের বেপরোয়া গুলিবর্ষণে কমিতা ত্রিপুরা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠন দুটি।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুন চাকমা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাজেকবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নিতে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তারা।