সাহিত্যবিশ্ব

এআই বিতর্কে গঁকুরের দীর্ঘ তালিকা থেকে বাদ পড়ল উপন্যাস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অভিযোগে ফরাসি সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গঁকুরের দীর্ঘ বা প্রথম তালিকা থেকে বাদ পড়েছে হাইতিয়ান-কানাডিয়ান লেখক থেলিসঁ ওরেলিয়াঁর উপন্যাস সেতে সা উ মুরির। তবে উপন্যাসটি এআই দিয়ে লেখা হয়েছে—এমন অভিযোগ এখনো প্রমাণিত নয়। ২৫ সেপ্টেম্বর গঁকুর একাডেমি বইটি প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।

ঘটনার সূত্রপাত ২১ সেপ্টেম্বর। ‘ব্যালঁস তঁ ক্লদ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয়, উপন্যাসটির বিভিন্ন অংশ এআই শনাক্তকারী সফটওয়্যারে পরীক্ষা করে সেগুলো এআই-উৎপাদিত বলে ফল পাওয়া গেছে। লেখক অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বইটি নিজেই লিখেছেন।

গঁকুর একাডেমি জানিয়েছে, এআই-সংক্রান্ত বিশ্লেষণের পাশাপাশি ওরেলিয়াঁর পুরনো কিছু লেখায় চৌর্যবৃত্তির অভিযোগও তাদের সিদ্ধান্তে বিবেচনায় এসেছে। ২০১২-১৩ সালের কয়েকটি লেখায় অন্যের লেখা ব্যবহারের অভিযোগ এরই মধ্যে বিভিন্ন তদন্তে উঠে এসেছে।

ঘটনাটি আরও আলোচিত হয়েছে কারণ উপন্যাসটি এর আগে ২০২৬ সালের প্রি রোমাঁ ফনাক পুরস্কার জিতেছে। ১৯০৩ সালে প্রতিষ্ঠিত এ পুরস্কার প্রতি বছর ফরাসি ভাষায় প্রকাশিত একটি সেরা উপন্যাসকে দেওয়া হয়। পুরস্কারটির অর্থমূল্য মাত্র ১০ ইউরো হলেও সাহিত্যিক মর্যাদা অত্যন্ত বেশি।

সূত্র : রয়টার্স