৯৮০ গোল করে নিষিদ্ধ রোনালদো

জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের (ডিসিপ্লিনারি) কার্যক্রম শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এই ঘটনার জেরে ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলারকে এখন আনুষ্ঠানিকভাবে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।

ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের ঠিক আগে জাতীয় দলের স্কোয়াড ত্যাগ করেন রোনালদো। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখায় কোচ জর্জ জেসুসের সঙ্গে তার তীব্র মতবিরোধ তৈরি হয়। রোনালদোর অভিযোগ ছিল, কোচ তাকে পর্যাপ্ত খেলার সময় দেওয়ার ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি।

অবশ্য পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পেরে সতীর্থ ও সমর্থকদের কাছে নিঃশর্ত ক্ষমা চান রোনালদো। তিনি স্বীকার করেন যে, এভাবে ক্যাম্প ছেড়ে যাওয়া অনুচিত হয়েছে এবং ফেডারেশনকে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শনিবার এফপিএফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, গত ৯ অক্টোবর নন-প্রফেশনাল সেকশনের সিদ্ধান্তের ভিত্তিতে রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু করা হয়। প্রথমে তাকে স্বয়ংক্রিয় প্রতিরোধমূলক স্থগিতাদেশের আওতায় আনা হলেও, পরে মামলাটিকে ‘জরুরি’ হিসেবে বিবেচনা করে নতুন করে আরেকটি সাময়িক স্থগিতাদেশ আরোপ করা হয়। গত ১০ অক্টোবর মামলাটি এফপিএফের ডিসিপ্লিনারি ইনস্ট্রাকশন কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই শৃঙ্খলামূলক প্রক্রিয়ার বিস্তারিত কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে না।

এর আগে রোনালদো নিজেই জানিয়েছিলেন, ফেডারেশন যে শাস্তিই নির্ধারণ করুক না কেন, তিনি তা মাথা পেতে নেবেন এবং পর্তুগালের জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এদিকে জাতীয় দলের এই বিতর্কিত অধ্যায়ের মধ্যেই ক্লাব ফুটবলে ফিরে দারুণ ফর্মে দেখা গেছে তাকে। গত শুক্রবার সৌদি প্রো লিগে আল-নাসর ৩-০ গোলে দিরিয়াকে পরাজিত করে, যেখানে দলের হয়ে প্রথম গোলটি করে নিজের ক্যারিয়ারের মাইলফলক ৯৮০তম গোল পূর্ণ করেন রোনালদো।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল দিরিয়াহকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নাসর। এই জয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল কাদসিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে উঠে এসেছে নাসর।

রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল ভিন্ন এক দৃশ্য। ভক্ত-সমর্থকরা রোনালদোর ৭ নম্বর জার্সি-সংবলিত বিশাল এক ব্যানার প্রদর্শন করে সেøাগান তোলেন, যেখানে লেখা ছিল, ‘শ্রেষ্ঠত্ব অর্জন করে নিতে হয়।’ ম্যাচের সপ্তম মিনিটেও স্টেডিয়ামজুড়ে তার নামে ধ্বনি তুলে সমর্থকরা বুঝিয়ে দেন, তারা এই পরিস্থিতিতেও অধিনায়কের পাশেই আছেন।

সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদান দিতে বেশি সময় নেননি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে কিংসলে কোমানের শট প্রতিপক্ষ গোলরক্ষক গ্লাভসবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল, যা তাকে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

এরপর ম্যাচের ৩৫তম মিনিটে পর্তুগিজ সতীর্থ সামু কস্তা ব্যবধান দ্বিগুণ করেন এবং ৭৭তম মিনিটে কোমান দলের হয়ে তৃতীয় গোলটি নিশ্চিত করে জয়রথ ধরে রাখেন।

এদিকে ম্যাচ শেষে নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম হ্যান্ডলে গোল উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো লেখেন, ‘কাজ শেষ হলো। এবার পরেরটার দিকে নজর!’