ওয়ানডে দলে চমক আলিস

মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে ভাগ্য সুপ্রসন্ন হয় বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলামের। সর্বশেষ এশিয়ান গেমসে ডাক পান তিনি। সেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবার ওয়ানডেও বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় আলিস। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন এই স্পিনার। জিম্বাবুয়ে ও

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৬ সদস্যের দলে এটিই সবচেয়ে বড় চমক। এ ছাড়া দলে ফিরেছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও পারভেজ হোসেন ইমন। 

এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন ও মোস্তাফিজুর রহমান। হাসান ফিরলেন এক বছর পর। সর্বশেষ গত বছরের অক্টোবরে এই সংস্করণে খেলেছিলেন তিনি। চোটের কারণে পুনর্বাসনে থাকা নাহিদ রানার পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাকে।

আলিসকে প্রথমবার ওয়ানডে দলে ডাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাদা বলের ক্রিকেটে দলের সঙ্গে একজন রহস্য স্পিনার থাকা সবসময়ই কাজে দেয়। আলিসের ক্ষেত্রে বিষয়টা হলো, সে রান খুব কম দেয় এবং উইকেট নেওয়ার সামর্থ্যটা অনেক। টি-টোয়েন্টিতে তাকে আমরা দেখেছি। এবার ওয়ানডেতেও সুযোগ দিতে চাই।’

আলিসের বেশ ধারাবাহিকভাবেই ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৯ ম্যাচে তার উইকেট ৩৫টি। গত মাসে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন এই স্পিনার। এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেও চার ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট পান তিনি।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবিতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটনের দল। তিন দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ অক্টোবর। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।