হুমায়ুন কবির বললেন

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদির অনুরোধ এলে সহায়তা দেবে সরকার

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদি আরব সহায়তা চাইলে বাংলাদেশ সহায়তা দেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল শনিবার ঢাকায় এ কথা বলেন।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষিতে বর্তমানে সৌদি আরবের নিরাপত্তার বিষয়টি আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে বাংলাদেশের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার বিষয়ে কোনো আপস নেই। পবিত্র স্থানগুলোর সুরক্ষায় (সৌদি আরব) প্রয়োজনীয় যেকোনো সহায়তা চাইলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নয়াকল্পনা’ বিষয়ে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে এ সেমিনারের আয়োজন করে।

মক্কা-মদিনা অঞ্চলে অসংখ্য মুসলমান বসবাস করেন উল্লেখ করে তিনি বলেন, মুসলিম-প্রধান দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। জাতিসংঘের বিশ^ব্যাপী কার্যক্রমে শান্তিরক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে এ (সৌদি) অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ‘মক্কা চুক্তি’ শীর্ষক যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ইতিবাচকভাবে দেখার যথেষ্ট কারণ রয়েছে। এ চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়েছে। তবে এ চুক্তিতে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে কি না, প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আগে মূলত শ্রমিক পাঠানো ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই সম্পর্ক বহুমাত্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে দক্ষ ও পেশাদার জনশক্তি পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। এখন জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হবে।

কৌশলগত সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বাড়ছে, এমনটি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগির সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন। তবে এ সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।

প্রধানমন্ত্রীর আগামী ২৬ অক্টোবর থেকে জাপানে চার দিনের সরকারি সফরে যাওয়ার কথা রয়েছে, এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ ও বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানও সেমিনারে বক্তব্য রাখেন।