আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে সক্রিয় বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। গত শুক্রবার এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন তারা। সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদারের মধ্যে এ ঘটনা ঘটল। গতকাল খুলনায় এসআরবি-৬-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন সদস্য রয়েছেন। তারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জীবিকা দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের কারণে ঝুঁকির মুখে রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।