নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুর থেকে সোহাগ (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ির বড় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সোহাগের বাড়ি চট্টগ্রামে। তার বাবার নাম আব্দুল মানিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের আগে গোসল করতে চিওড়া কাজীবাড়ির বড় পুকুরে নামেন সোহাগ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। পরে চাঁদপুরের নদী ফায়ার স্টেশনের একটি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নেয়। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে নামে। সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টা ৫০ মিনিটে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চৌদ্দগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।