কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি পাল্টা গুলি করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহাজুল একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের বাসিন্দা শামাজুলের ছেলে। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানায়, সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নিজের ক্ষেতে কৃষক সাহাজুল কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে কৃষক সাহাজুল আহত হন। খবর পেয়ে জামালপুর ক্যাম্পের টহলরত বিজিবির জওয়ানরা পাল্টা গুলি চালালে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।