সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আজ রবিবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি। সাজেক থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুন চাকমা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। এ ঘোষণার পর সাজেকে আগত পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর সাজেকে আয়োজিত এক সমাবেশে দুই সংগঠনের পক্ষ থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সরিয়ে না নেওয়ায় রবিবার সকাল ৭টা থেকে পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় পর্যটন সড়কে কোনো ধরনের যানবাহন না চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা, পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি। একই সঙ্গে সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাজেকবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে সাজেক এলাকা থেকে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।