নড়াইলে এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সুলতান সংগ্রহশালা চত্বরে জেলা প্রশাসন, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সুলতানের সমাধিতে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শিশুস্বর্গে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় শিল্পী সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন অতিথিরা।