বুদ্ধিজীবী কবরস্থানে তৌফিক ইমরোজ খালিদীর দাফন

দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পুরোধা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ বিদায় জানান। লন্ডন থেকে গতকাল বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ১ অক্টোবর লন্ডনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে তিনি ব্যক্তিগত সফরে ছিলেন। বিমানবন্দর থেকে গতকাল দুপুর ১২টার দিকে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর মহাখালীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। সেখানে সহকর্মীরা তাকে শ্রদ্ধা ও শেষ বিদায় জানান। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী ওল্ড ডিওএইচএসের বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাকে দেখেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী ডিওএইচএস খেলার মাঠে। সেখানে জানাজার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশের বক্তব্য পড়ে শোনান প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির।

খালিদীর প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। ভারতের হাইকমিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথম সচিব গোকুল বিমল কালা। আরও শ্রদ্ধা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, অভিনেতা তারিক আনাম খান, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ।