চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ১৯তম দিনে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। তবে এ সিদ্ধান্তকে ‘সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করে বিবৃতি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কার্যালয় থেকে জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এ কারণে গত ৯ অক্টোবর এক ই-মেইল বার্তায় তিনি অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দিয়েছেন। আগামী ১১ ও ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে অধ্যাপক আরাফাত এ দায়িত্ব পালন করবেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ইউজিসির একটি সভায় অংশ নিতে আগামী রবিবার ও সোমবার আমি ঢাকায় অবস্থান করব। এজন্য অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্য রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের দেওয়া দায়িত্বকে প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের এক দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। যে উপাচার্যের নিয়োগ ও অবস্থানকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, তার প্রদত্ত যেকোনো সিদ্ধান্ত বা দায়িত্ব প্রদান সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এক দফা দাবিকে উপেক্ষা করে কোনো ধরনের সাময়িক দায়িত্ব দেওয়ার মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধান সম্ভব নয়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব না নেওয়ার জন্য বিবৃতির মাধ্যমে অনুরোধ করা হয়।