মুরাদনগরে রাশিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগমকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন মাস পর মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

শনিবার(১০ অক্টোবর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান।

গ্রেপ্তার রহিম সরকার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামের মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ জুন সকালে মহেশপুর গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে রাশিদা বেগমকে মারধর করা হয়। রহিম সরকারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাঁকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর দুই মেয়েকেও মারধর করা হয়।

পরে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাশিদা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ও এসআরবি-১১-এর তথ্য অনুযায়ী, মহেশপুর গ্রামের খোরশেদ আলম ও রহিম সরকারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে রহিম সরকার পক্ষের সদস্য মাওলা সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রাশিদা বেগম ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

এসআরবি-১১ জানায়, রাশিদা বেগম হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিম সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিম সরকারকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।