মদিনায় বিয়ে সারলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু

ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ, যিনি মিস্টার ফয়সু নামে পরিচিত। এবার বিয়ে করলেন তিনি। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় সম্পন্ন হয়েছে তার নিকাহ অনুষ্ঠান। শনিবার (১০ অক্টোবর) ইনস্টাগ্রামে বিয়ের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি জানান তিনি। 

ছবি শেয়ার করে ফয়সু লিখেছেন, ‘আর আমরা তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’—কোরআনের এই আয়াত উল্লেখ করে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মদিনার মতো সুন্দর শহরে পরিবারের সবাইকে পাশে নিয়ে নিকাহ সম্পন্ন করতে পারাকে স্বপ্ন পূরণের মতো আশীর্বাদ বলে উল্লেখ করেন তিনি। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই ইনফ্লুয়েন্সার। পাশাপাশি তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকতের জন্য প্রার্থনা করেছেন। 

প্রকাশিত ছবিতে ফয়সুকে সাদা শেরওয়ানিতে দেখা যাচ্ছে। তার স্ত্রী পরেছেন সাদা ঘারারা, সঙ্গে লাল ওড়না এবং সোনার গয়না। মসজিদে নববীর মনোরম পটভূমিতে নবদম্পতির ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের। বিয়ের খবর প্রকাশের পর ফয়সুর বন্ধু ও বিনোদনজগতের সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।