ফেনী-চট্টগ্রাম সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

রবিবার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পৃথক এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা দেড় শতাধিক বোতল মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করা হয়।

জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সার্বিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।