ক্যাচের বিশ্বরেকর্ড এখন স্টিভ স্মিথের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের তৃতীয় দিনে এক অনন্য উচ্চতায় পৌঁছালেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। জো রুটকে টপকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফিল্ডার হিসেবে (উইকেটকিপার ব্যতীত) সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অজি তারকা।

কিংসবোর্ড টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়া ব্যাটার ডেভিড বেডিংহামের চমৎকার একটি ক্যাচ নিয়ে এই অর্জন নিশ্চিত করেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের করা ব্যাক অফ আ লেংথ ডেলিভারিটি ব্যাটের প্রান্তে লাগিয়ে প্রথম স্লিপের দিকে ঠেলে দেন ৪৯ রানে ব্যাট করতে থাকা বেডিংহাম। স্লিপে দাঁড়ানো স্মিথ অত্যন্ত দ্রুততার সাথে বাঁ দিকে ডাইভ দিয়ে এক দর্শনীয় ক্যাচ লুফে নেন।

এই ইনিংসেই এর আগে অফস্পিনার নাথান লিয়নের বলে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমাব ক্যাচ ধরে জো রুটের ২২০ ক্যাচের সমতায় এসেছিলেন তিনি। বেডিংহামের ক্যাচটি ছিল টেস্ট ক্যারিয়ারে তাঁর ২২১তম ক্যাচ, যা তাঁকে তুলে দেয় তালিকার এক নম্বর স্থানে।
টেম্বা বাভুমার ক্যাচ নিচ্ছেন স্মিথ। ছবি-সংগৃহীত

টেস্ট ইতিহাসে শীর্ষ ৬ ফিল্ডার (ক্যাচ সংখ্যা)

ফিল্ডার দেশ মোট ক্যাচ
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ২২১*
জো রুট ইংল্যান্ড ২২০
রাহুল দ্রাবিড় ভারত ২১০
মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ২০৫
জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা ২০০
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ১৯৬
 
গত বছর লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজে জো রুট ভারতের রাহুল দ্রাবিড়ের (২১০ ক্যাচ) বহু পুরনো রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন। বছর ঘুরতেই রুটকে পেছনে ফেললেন স্মিথ। 

 

 
 

এ জন্য স্মিথের লেগেছে ১২৬ টেস্ট ও ২৪০টি ফিল্ডিং ইনিংস। অন্যদিকে রুট ১৬৯ টেস্টের ৩২৩টি ফিল্ডিং ইনিংসে ধরেছেন ২২০ ক্যাচ। এ তালিকায় তৃতীয় স্থানে ভারতের রাহুল দ্রাবিড়। ২১০ ক্যাচ ধরেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এরপর শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২০০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৯৬)।

তালিকার অন্য কিংবদন্তিদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেক আগেই। কিন্তু স্মিথ ও রুট—দুজনই এখনো খেলছেন। ফলে একজন রেকর্ড গড়লে অন্যজনের সামনে সেটি ভাঙার সুযোগ থাকছেই।

ফিল্ডিংয়ে রেকর্ড গড়ে দিনটি স্মরণীয় করে রাখলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি স্মিথ। প্রথম ইনিংসে অজিদের দ্রুত দুই উইকেটের পতনের পর উইকেটে এসে মার্নাস লাবুশেনের সাথে ৬০ রানের একটি স্বস্তিদায়ক জুটি গড়েন তিনি। তবে ৫৩ বলে ২৫ রান (যার মধ্যে দুটি ছক্কা ছিল) করার পর দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনের বলে গালিতে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

স্মিথ দ্রুত বিদায় নিলেও মিডল অর্ডারে ম্যাট রেনশ'র সাবলীল ১৯০ রানের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৯০ রানের শক্ত পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। সফরকারীদের ম্যাচ জয়ের অবস্থান মজবুত করার লক্ষ্যে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে বড় রান সংগ্রাহকের ভূমিকা পালন করতে মুখিয়ে আছেন এই ডানহাতি ব্যাটার।