নিরাপদ সড়কের বার্তা নিয়ে সাভারে বিআরটিএর সচেতনতামূলক সভা

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ; এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সাভারে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারে শহীদ মজনু একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থী ও শিক্ষকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

বিআরটিএ এর ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে আয়োজিত সভায় শহীদ মজনু একাডেমির প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সদর কার্যালয়ের দুর্ঘটনা তথ্য বিশ্লেষক (অ্যাক্সিডেন্ট ডেটা অ্যানালিস্ট) এ বি এম আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাভার কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. জাফর হাসান, ঢাকা জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সোহেল জামান এবং ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সকলের দায়িত্বশীল আচরণ জরুরি। শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও নির্ধারিত পারাপারের স্থান ব্যবহার, যানবাহনে চলাচলের সময় সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি চালকদের দায়িত্বশীলতা, সড়কের সঠিক নকশা ও ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, ব্যক্তিগত সচেতনতা ও পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমেও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে ধারণা তৈরি করা প্রয়োজন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে বিআরটিএর এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়বে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।