সিদ্ধান্তের আগে পরিণতির ভাবনা

মানুষকে প্রতিদিন নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোনো সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কোনো সিদ্ধান্ত ডেকে আনে ক্ষতি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্ভাব্য পরিণতি নিয়ে ভাবা জরুরি। আবেগ, রাগ, লোভ কিংবা তাড়াহুড়ায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় মানুষকে বিপদে ফেলে। অন্যদিকে বিবেচনা, ধৈর্য ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিলে ভুলের আশঙ্কা কমে। ইসলাম মানুষকে চিন্তাভাবনা করে কাজ করতে এবং কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকতে শিক্ষা দেয়।

মানুষের জীবনে অনেক ভুলের পেছনে কাজ করে তাৎক্ষণিক আবেগ। রাগের মাথায় কেউ এমন কথা বলে ফেলে, যা প্রিয়জনের মনে গভীর কষ্ট দেয়। সামান্য অভিমানে কেউ দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে। আবার দ্রুত লাভের আশায় কেউ ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে। সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে এসব কাজকে সঠিক মনে হলেও পরে তার জন্য অনুশোচনা করতে হয়। অথচ একটু ধৈর্য ধরলে, বিষয়টি নিয়ে চিন্তা করলে এবং সম্ভাব্য ফলাফল বিবেচনা করলে অনেক অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো সম্ভব।

পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষকে চিন্তা, উপলব্ধি ও শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আলে ইমরান ১৯০)

এই আয়াত মানুষকে সৃষ্টিজগতের নিদর্শন নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। চিন্তাভাবনা মানুষের জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে। জীবনের সিদ্ধান্ত গ্রহণেও এই গুণ গুরুত্বপূর্ণ। কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ দিক বিচার করা, সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সতর্ক থাকা এবং উপযুক্ত সময় বিবেচনা করা বিচক্ষণতার পরিচয়।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দূরদর্শিতা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি কাজেরই কোনো না কোনো ফল রয়েছে। সেই ফল কখনো তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়, আবার কখনো দীর্ঘ সময় পর সামনে আসে। একজন শিক্ষার্থী যদি সাময়িক আনন্দের জন্য পড়াশোনায় অবহেলা করে, তবে পরে তাকে এর মূল্য দিতে হতে পারে। একজন ব্যবসায়ী যদি অধিক লাভের আশায় প্রতারণার আশ্রয় নেন, তবে সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যতে বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন। একইভাবে পারিবারিক জীবনে অসংযত কথা ও আচরণ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু বর্তমান সুবিধা নয়, ভবিষ্যতের প্রভাবও বিবেচনা করা উচিত।

ইসলাম মানুষকে দায়িত্বশীল আচরণ করতে শিক্ষা দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (সহিহ বুখারি ৬০১৮)

এই হাদিস কথা বলার ক্ষেত্রেও পরিণতি বিবেচনার শিক্ষা দেয়। মানুষের মুখের একটি বাক্য কাউকে উৎসাহিত করতে পারে, আবার কাউকে গভীরভাবে আহতও করতে পারে। তাই কথা বলার আগে ভাবতে হবে, কথাটি সত্য কিনা, প্রয়োজনীয় কিনা এবং তা অন্যের মনে অযথা কষ্ট সৃষ্টি করবে কিনা। একইভাবে কোনো বার্তা প্রকাশ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করা কিংবা ব্যক্তিগত তথ্য অন্যের কাছে প্রকাশ করার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ সব বিষয়ে সমান জ্ঞান রাখে না। নিজের আবেগের কারণে অনেক সময় কোনো সমস্যার সব দিক বুঝতে পারে না। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ ও বিশ্বস্ত মানুষের পরামর্শ উপকারে আসে। মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে সাহাবিদের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়ে বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান ১৫৯)

পরামর্শ গ্রহণের অর্থ নিজের বিবেচনাশক্তি বিসর্জন দেওয়া নয়। বরং অন্যের অভিজ্ঞতা ও মতামত থেকে উপকৃত হয়ে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া। তবে পরামর্শদাতা নির্বাচনেও সতর্ক থাকতে হবে। এমন ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত, যিনি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, সৎ এবং নিজের স্বার্থের পরিবর্তে কল্যাণকে গুরুত্ব দেন।

সিদ্ধান্ত গ্রহণের সময় কয়েকটি বিষয় বিবেচনা করা যেতে পারে। প্রথমত, সিদ্ধান্তটির উদ্দেশ্য কী, তা স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, এর সম্ভাব্য লাভ ও ক্ষতি বিচার করতে হবে। তৃতীয়ত, সিদ্ধান্তটি নিজের এবং অন্যের অধিকারের ওপর কী প্রভাব ফেলবে, তা ভাবতে হবে। চতুর্থত, প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। সবশেষে, সিদ্ধান্তটি ন্যায়সংগত ও নৈতিক কিনা, তা যাচাই করতে হবে। ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা এবং যোগ্য আলেমদের পরামর্শ অনুসরণ করা জরুরি।

তবে পরিণতি বিবেচনা করার অর্থ এই নয় যে, মানুষ সব সময় নিখুঁত সিদ্ধান্ত নিতে পারবে। ভবিষ্যতের সব ঘটনা আগে থেকে জানা মানুষের পক্ষে সম্ভব নয়। যথাসাধ্য চিন্তা, পরামর্শ ও বিচারবিবেচনার পরও কোনো সিদ্ধান্তের ফল প্রত্যাশার বিপরীত হতে পারে। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের ভুল স্বীকার করা, প্রয়োজন হলে সিদ্ধান্ত সংশোধন করা এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়া বিচক্ষণতার পরিচয়।

জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া মানুষকে ভুলের দিকে ঠেলে দিতে পারে, আর ধৈর্য ও বিবেচনা সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। তাই কোনো কথা বলা, কাজ করা কিংবা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে তার পরিণতি নিয়ে ভাবতে হবে।

লেখক : মাদ্রসাশিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার