দেড় দশক পর আবার পর্দায় ফিরছে জনপ্রিয় বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির সিক্যুয়াল তৈরি করতে যাচ্ছেন প্রযোজক একতা কাপুর। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার তারই সিক্যুয়ালেও ব্দ্যিাকে দেখা যাবে বলে আভাস দিয়েছেন একতা কাপুর। সিক্যুয়ালে কোন গল্প উঠে আসবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
এক পডকাস্টে একতা জানান, ‘দ্য ডার্টি পিকচার ২’ তৈরির পরিকল্পনা করছেন তিনি। তার কথায়, ‘আমি যে বড় ছবিগুলো তৈরি করছি, তার মধ্যে অন্যতম ‘দ্য ডার্টি পিকচার ২’। ১৫ বছর পরে সিক্যুয়ালটির পরিকল্পনা করছি। আসলে এবার আমার মনে হচ্ছে, এমন একটা গল্প আমার কাছে রয়েছে, যা আমি বলতে চাই।’ একতা জানিয়েছেন, প্রথম ছবির মতো দ্বিতীয় পর্বেও এক মহিলার জীবনই হবে গল্পের কেন্দ্রবিন্দু। তবে এবারও কি সিল্ক স্মিতার জীবনকেই পর্দায় তুলে ধরা হবে? সেই বিষয়ে এখনই মুখ খুলতে চাননি প্রযোজক।
প্রথম ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে একতা বলেন, “সিল্ক স্মিতাকে ঘিরেই ছিল ‘দ্য ডার্টি পিকচার’। একজন মহিলা নিজের যৌনতা নিয়ে খোলাখুলি অবস্থান নেওয়ায় কীভাবে তাকে নিন্দার মুখে পড়তে হয়েছিল, সেটাই ছিল ছবির মূল কথা।” এই প্রসঙ্গেই প্রযোজক বলেন, আমি কখনো সিল্ককে অসহায় বা নির্যাতিতার চোখে দেখিনি। বরং এমন এক মহিলা হিসেবে দেখেছি, যিনি নিজের যৌনসত্তাকে উদ্যাপন করতেন। আর সেই ছবিই সাফল্য পেয়েছিল। শিগগিরই বড় ঘোষণা দেওয়া হবে এ বিষয়ে।
উল্লেখ্য, ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন বিদ্যা। দক্ষিণী ছবির জগতে পরিচিত মুখ ছিলেন সিল্ক। ১৮ বছরের অভিনয় জীবনে চারশোরও বেশি ছবিতে কাজ করেছিলেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।