জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি প্রণয়ন, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, পুরনো ক্ষমতাকাঠামোর বিলোপ ঘটিয়ে অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে। রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন না রেখে জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত করতে হবে। রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। সভায় কে এম জাবিরকে আহ্বায়ক এবং কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।