রোটনের লাশ দেশে জানাজায় আটক ৪

কড়া নিরাপত্তাব্যবস্থায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ভারতের কলকাতা থেকে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়। সঙ্গে ছিলেন তার স্ত্রী আরেফা সুলতানা। ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়া শেষে বাংলাদেশ অংশে মরদেহ গ্রহণ করেন রোটনের বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। পরে পুলিশি পাহারায় মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন স্বজনরা। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মরদেহ চট্টগ্রামের রাউজানের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে রোটনের জানাজা কেন্দ্র করে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাজধানীর ধানম-ির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শনিবার সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে তার মৃত্যু হয়।