বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকা থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।