বন্দর কৌশল প্রণয়নে গুরুত্ব পাবে বৃহত্তর স্বার্থ : নৌমন্ত্রী

জাতির বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, কোনো মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব কর্র্তৃত্ব ও দায়িত্ব যেন সমন্বিত উদ্যোগের পথে বাধা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তাই বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিচালনব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।

জাতীয় বন্দর কৌশল প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বন্দর কর্র্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ কাজে সহযোগিতা করছেন বলেও জানান মন্ত্রী।