ডেঙ্গু ও হাম উপসর্গে মৃত্যু ১১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৪ জন এবং হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১১ দিনে ডেঙ্গুতে ভর্তি হয়েছে ১৯ হাজার ৬৫৫ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮২ জন। মৃত্যু হয়েছে ৩০৩ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৯৩ জন। ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের খুলনায় ২, রাজশাহী ও চট্টগ্রামে একজন করে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯৬ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছে ৯২ হাজার ৮০৩ জন।

হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত সাতজনের সিলেটে তিনজন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৬২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে দুই লাখ ৫ হাজার ২৮ জন। হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৪২১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮২ হাজার ৪৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।