বাংলাদেশে বাল্যবিয়ের হার ৫১ শতাংশ উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো সভ্য সমাজে বাল্যবিয়ের এমন চিত্র অকল্পনীয়। গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সমাজকর্মী সমিতি (সিএসডব্লিউএবি) আয়োজিত ‘লাইভড এক্সপেরিয়েন্সেস টু মিনিংফুল চেঞ্জ : প্রমোটিং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস ইন মেন্টাল হেলথ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ, গ্রেপ্তার কিংবা শাস্তির মাধ্যমে বাল্যবিয়ে ও শিশু নির্যাতনের মতো সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য মানুষের মানসিকতার পরিবর্তন, দক্ষ সমাজকর্মী তৈরি এবং পরিবার থেকে শুরু করে কমিউনিটি পর্যায় পর্যন্ত সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার। সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার।