নারায়ণগঞ্জে পৃথক বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ছাড়া শহরের ফতুল্লা এলাকায় কেমিক্যাল গোডাউনে দুজন রাসায়নিক দগ্ধ হয়েছেন।

গত শনিবার রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেনরোজিনা, তার স্বামী শরিফ এবং তাদের স্বজন রিয়াজ ও রনি।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় কেমিক্যাল গোডাউনে দুজন রাসায়নিক দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আনোয়ার ও সামসুল।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুটি বাড়িতে পাইপলাইন লিকেজে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চারজন এবং একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।