নড়াইলে সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর মাত্র সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে মসজিদে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, ওই দম্পতির ছেলে জসিম কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাদের দেখতে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) তিনি বাড়িতে পৌঁছানোর পর বাবা-মায়ের দাফন সম্পন্ন হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে কিছুটা সুস্থ হলেও অধিকাংশ সময় অসুস্থ থাকতেন তিনি। শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর পর বাড়ির কাছেই মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। ফজরের নামাজ আদায়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তারও মৃত্যু হয়।

রবিবার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তবে তাদের ছেলে প্রবাসে থাকায় দাফন সম্পন্ন করা হয়নি।