নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিলাশনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুটের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির, সোহেল ও শ্রমিকরা জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তারা জানান, প্রতিটি গোডাউনে পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় ছিল। ৩০টি গোডাউনের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।