রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় হেফাজতের শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নৃশংস হামলায় দুই বাংলাদেশিসহ ১২জন নিহত এবং ৩ শতাধিক যাত্রী ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সেমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

হেফাজত নেতারা দুই বাংলাদেশিসহ নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

হুতিদের হামলার ভয়াবহতা ও হতাহতদের মানবিক দিক বিবেচনা করে হেফাজত নেতারা নিহত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সর্বাধুনিক চিকিৎসা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান।

তারা আরও বলেন- নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবার চাইলে দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন করা কিংবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিহত ব্যক্তিদের পরিবারগুলো যেন তাদের প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ সঠিকভাবে পায়, সে লক্ষ্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান তাঁরা।