মা ইলিশ রক্ষায় অভিযান

ভোলায় ৮ জেলের কারাদণ্ড, সাড়ে ৫ লাখ মিটার জাল জব্দ

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান জোরদার করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ভোলা সদর, লালমোহন ও তজুমদ্দিনে অভিযান চালিয়ে ৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে ৫ লাখ ৬২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করায় এর আগে ভোলা সদরে আরও তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়।

৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জের চার জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুশফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৭ দিন করে কারাদণ্ড দেন। এ সময় পাঁচ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করায় আরও তিন জেলেকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এদিকে, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার পুরো সময় নদীতে টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।

লালমোহন উপজেলায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে মো. হানিফ (২২) নামে এক জেলেকে আটক করা হয়। রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। হানিফ পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, ওই অভিযানে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

অন্যদিকে, তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের তিন জেলেকে আটক করা হয়। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল আটক মো. ছলেমান (৪৯), মো. কবির (৩০) ও মো. শাহিনকে (২২) ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বাধীন দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন।