সেঞ্চুরির পথে লিটন, ৪৪৩ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ 

আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে এসে ১১ রানের মধ্যেই মিডল অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতে চতুর্থ দিনের শুরুতে লিডটা পাহাড়সমান করতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের সামনে ছিল টিকে থাকার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে শতভাগ উতরে গেলেন তারা। দুজনেই পিচে থিতু হয়ে ১১৪ রানের জুটি গড়ে দুজনেই আছেন অপরাজিত। এতে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৯৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৩৭ রান। এই মুহূর্তে লিড ৪৪৩ রানের। 

এর আগে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের তিন ব্যাটার (তানজিদ, শান্ত ও মুশফিক) ফিরেছেন ৮০-এর ঘরে এসে। সেই জুজু কাটিয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছেন লিটন। ওয়ানডে মেজাজে ৯৬ বল খেলে ৮১ রানে অপরাজিত আছেন তিনি, আর মিরাজ ব্যাট করছেন ৩৮ রানে। 

একটু পেছনে ঘুরে আবুধাবির দ্বিতীয় ও তৃতীয় দিনের সকালের অবস্থার দিকে তাকালে একটা সমীকরণ বলা যাচ্ছিল, এই সময়ে উইকেটটা থাকে বোলারদের পক্ষে। চতুর্থ দিনের সকালটাও হতো পারতো ঠিক এমনই। তবে লিটন-মিরাজের ভাগ্য খুলে আফগান ফিল্ডারসের সহজ সব ভুলে। এই দুই ব্যাটারের অন্তত চারটি সহজ ক্যাচ ছেড়েছে আফগান ফিল্ডাররা। 

যার শুরুটা দিনের তৃতীয় ওভারেই। ৭৫তম ওভারের পঞ্চম বলে কায়েস আহমেদের এক দারুণ ডেলিভারি ঠিকঠাক পড়তে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে বসেন লিটন, সেখানে পান প্রথম জীবন। এর ওভার তিনেক বাদের নিজের ওভারে এবার নিজেই লিটনের ক্যাচ ছেড়ে দেন কায়েস। পরে ৯২তম ওভারে পেসার ইয়ামিনের বলেও স্লিপে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান লিটন।

সেই সুযোগ অবশ্য বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬১ বলে ফিফটি তুলে নিয়ে রানের চাকা সামলে এগোচ্ছেন সেঞ্চুরির পথে, আর অপরপ্রান্তে মিরাজ উইকেট সামলে ব্যাট করছেন বেশ দৃঢ়তার সঙ্গে। 

এই সেশনে বাংলাদেশ ব্যাট করেছে মোট ২৬ ওভারে। সেখানে কোনো উইকেট না হারিয়ে লিটন-মিরাজ স্কোরবোর্ডে তুলেছেন ১১৪ রান। 

এর আগে তৃতীয় দিনের শুরুতে হাসানের পেস দাপটে ২৪০ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা নিজেদের পক্ষে পায়নি নাজমুল হোসেন শান্তর দল। ৫৩ রানের মধ্যেই সাজঘরে যায় শুরুর তিন ব্যাটার, আগের ইনিংসে এই তানজিদ, সাদমান ও মুমিনুলের ব্যাট থেকেই এসেছিল সিংহভাগ রান।

সেখানে চাপ সামলে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও শান্ত, গড়েন ১৫৯ রানের দারুণ এক জুটি। তবে ১০ রানের ব্যবধানে দুজনেই ফেরেন ব্যক্তিগত সংগ্রহ ৮০-এর ঘরে এসে। সেই ঘরেই এখন লিটন। এই ইনিংসের মাঝে অনন্য মাইলফলকও গড়েছেন এই ডানহাতি ব্যাটার। ৫ম বাংলাদেশি হিসেবে আন্তজার্তিক ক্রিকেটে ৯০০০ রানের মালিক এখন তিনি। ১৬ হাজার ২৫২ রান নিয়ে এই তালিকার সবার ওপরে আছেন মুশফিক। আর পরের তিন স্থানে আছেন যথাক্রমে তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ।